ডেল্টা পাঠাগার ফোরাম:

গ্রামীণ পাঠাগারগুলোর শক্তি ও সাহসের বাতিঘর

আমরা কারা?

ডেল্টা পাঠাগার ফোরাম নিজে কোনো স্বতন্ত্র পাঠাগার নয়; বরং এটি গ্রামাঞ্চলে ছড়িয়ে থাকা শত শত পাঠাগারের একটি সমন্বিত শক্তি, অভিভাবক এবং সেতুবন্ধন। আমাদের জন্ম হয়েছে গ্রামীণ জনপদে জ্ঞানের আলো ছড়ানো সেই সব নিভৃতচারী পাঠাগার ও তাদের উদ্যোক্তাদের উৎসাহ দিতে, যারা সীমিত সম্পদে অসাধ্য সাধন করে চলেছেন। আমরা বিশ্বাস করি, একটি জীবন্ত পাঠাগার একটি পুরো গ্রামকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে।

আমাদের লক্ষ্য (Vision)

একটি জ্ঞানভিত্তিক ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণ করা, যেখানে বাংলাদেশের প্রতিটি গ্রামে একটি করে জীবন্ত ও সক্রিয় পাঠাগার থাকবে। আমাদের স্বপ্ন হলো—অর্থনৈতিক বা ভৌগোলিক সীমাবদ্ধতা যেন কোনো মেধাবী শিক্ষার্থীর জ্ঞান অর্জনের পথে বাধা না হয় এবং প্রতিটি গ্রামীণ পাঠাগার যেন স্থানীয় জনপদে সামাজিক পরিবর্তনের প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

আমাদের মিশন (Mission)

প্রত্যন্ত অঞ্চলে অনেক পাঠাগার উদ্যোমী হয়ে যাত্রা শুরু করলেও আর্থিক সংকট, দিকনির্দেশনার অভাব বা একাকীত্বের কারণে একসময় স্থিমিত হয়ে যায়। ডেল্টা পাঠাগার ফোরাম সেই স্তব্ধতা ভাঙতে কাজ করে। আমাদের মূল লক্ষ্যগুলো হলো:

  • পাঠাগারকে সক্রিয় রাখা: ঝিমিয়ে পড়া পাঠাগারগুলোতে নতুন প্রাণের সঞ্চার করা এবং উদ্যোক্তাদের নিয়মিত বিভিন্ন সৃজনশীল কর্মসূচির মাধ্যমে চাঙ্গা রাখা।

  • উদ্যোক্তাদের নেটওয়ার্ক তৈরি: গ্রাম পর্যায়ের পাঠাগার সংগঠকদের এক সুতোয় গেঁথে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে তারা একে অপরের অভিজ্ঞতা ও আইডিয়া বিনিময় করতে পারেন।

  • সৃজনশীল উদ্যোগের বিকাশ: পাঠাগার মানেই শুধু বইয়ের তাক নয়; এখানে বিতর্ক প্রতিযোগিতা, কুইজ, বিজ্ঞান মেলা এবং পাঠচক্রের মতো সৃজনশীল কর্মকাণ্ডের উদ্ভাবন ও প্রসারে আমরা কারিগরি ও নীতিগত সহায়তা প্রদান করি।

  • তথ্য ও শিক্ষা সহায়তা: দরিদ্র শিক্ষার্থীদের জন্য দৈনিক পত্রিকা সরবরাহ এবং মেধাবী ও সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীদের জন্য 'ডেল্টা শিক্ষাবৃত্তি'র মাধ্যমে উচ্চশিক্ষার পথ সুগম করা।

আমাদের কর্মসূচি ও কার্যক্রম

আমরা পাঠাগারগুলোকে কেন্দ্র করে বহুমুখী সামাজিক ও শৈক্ষিক কর্মসূচি বাস্তবায়ন করি:

  1. তথ্য অধিকার ও পত্রিকা প্রকল্প: প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীরা যাতে বিশ্ব থেকে বিচ্ছিন্ন না হয়ে পড়ে, সেজন্য নির্বাচিত পাঠাগারগুলোতে নিয়মিত জাতীয় দৈনিক পত্রিকা সরবরাহ নিশ্চিত করা।

  2. সমাজ সচেতনতা কর্মসূচি: পাঠাগারগুলোকে ব্যবহার করে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী সচেতনতা, পরিবেশ রক্ষা এবং স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা।

  3. উদ্যোক্তা সম্মাননা ও প্রশিক্ষণ: যারা গ্রামে পাঠাগার আন্দোলন গড়ে তুলছেন, তাদের কাজের স্বীকৃতি দেওয়া এবং পাঠাগার ব্যবস্থাপনায় আধুনিক কলাকৌশল শেখাতে কর্মশালার আয়োজন করা।

  4. বই বিনিময় ও সংগ্রহ: এক পাঠাগারের বই অন্য পাঠাগারে পড়ার সুযোগ করে দেওয়া এবং নতুন নতুন মানসম্মত বই সংগ্রহের অভিযানে সহায়তা করা।

কেন ডেল্টা পাঠাগার ফোরাম?

শহরের চাকচিক্যের বাইরে বাংলাদেশের আসল প্রাণ লুকিয়ে আছে গ্রামে। কিন্তু সেখানকার মেধাগুলো অনেক সময় সঠিক দিকনির্দেশনার অভাবে অঙ্কুরেই বিনষ্ট হয়। ডেল্টা পাঠাগার ফোরাম সেই শূন্যস্থান পূরণ করতে চায়। আমরা কোনো পাঠাগারের ওপর নিয়ন্ত্রণ চাপিয়ে দিই না, বরং তাদের নিজস্ব স্বকীয়তা বজায় রেখে তাদের কার্যক্রমকে আরও গতিশীল ও টেকসই (Sustainable) করতে পাশে থাকি।

আমাদের সাথে যুক্ত হোন

আপনি যদি একজন পাঠাগার উদ্যোক্তা হন কিংবা একজন সমাজকর্মী হিসেবে গ্রামের মানুষের জন্য কিছু করতে চান, তবে ডেল্টা পাঠাগার ফোরাম আপনারই অপেক্ষায়। আসুন, আমরা সবাই মিলে গ্রামে গ্রামে জ্ঞানের প্রদীপ জ্বেলে দিই, যাতে কোনো আঁধার আমাদের আগামী প্রজন্মকে গ্রাস করতে না পারে।

“আমরা বই দিই না শুধু, আমরা স্বপ্ন বুনি; আমরা পাঠাগার গড়ি না শুধু, আমরা সমাজ গড়ি।"


আমাদের চলমান মাইক্রো-প্রকল্পসমূহ

Contact Us